সিএনজি চালিত একটি অটোরিকশার দুই পাশ প্লাস্টিকের পর্দা দিয়ে ঢাকা। হাতকড়া পরিহিত গাড়ি চালক সেলিম (২৬) গাড়ির পর্দা খুলে উপর হতে কয়েক আটি বরবটি আর ঝিঙে সরিয়ে নিলেন।
এরপরই দেখা মিলে বেশ কয়েটি প্লাস্টিকের বস্তা। আর এসব বস্তার মুখ খুললে গড়িয়ে পড়ে পাহাড়ি চোলাই মদ। একেক করে ১০টি বস্তায় পাওয়া যায় ওরস্যালাইনের প্যাকেট ভর্তি ৯৫ লিটার চোলাই মদ।
সোমবার বেলা দেড়টার দিকে চট্টগ্রামের রাউজান থানা চত্বরে এমন দৃশ্যের দেখা মিলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানা পুলিশ চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের চারাবটতল নামক স্থানে অবস্থান নেয়। এসময় সবজি ভর্তি সিএনজি চালিত একটি অটোরিকশা আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে গাড়িতে থাকা সবজির নিচ হতে চোলাই মদ উদ্ধার করা হয়।
এই ঘটনায় আটককৃত গাড়ি চালক হলেন- রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজা নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হালিমপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র।
আটককৃত চালক জানান, পাঁচ হাজার টাকা ভাড়ার বিনিময়ে তিনি রাঙ্গামাটি জেলার কাউখালি থানার সুগারমিল স্থান হতে চোলাই মদগুলো হাটহাজারী উপজেলার চৌধুরী হাটে হাজেরা নামক এক নারী কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন। এর আগেও তিনবার সবজি সরবরাহের আড়ালে অভিনব কৌশলে মদ পাচার করার কথা স্বীকার করেন তিনি।
এই ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সবজি সরবরাহের আড়ালে পাহাড়ি চোলাই মদ পাচারকালে এক পাচারকারীকে আটক করি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে হাজতে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/জেডএইচ
