পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সুনসান নীরবতা

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২১:১৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী

এক সময় উপচেপড়া রোগীর ভিড় থাকলেও পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন বলতে গেলে সুনসান নীরব। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে এখানে ভর্তি রোগীদের পাশাপাশি বহির্বিভাগেও রোগীদের চাপ অনেক কমে গেছে। বর্তমানে পুরুষ ও নারী ওয়ার্ড মিলে পাঁচ জন রোগী ভর্তি রয়েছেন।

পুঠিয়া উপজেলায় করোনায় আক্রান্ত তিন জন রোগী শনাক্ত হওয়ার পর সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সকরা বলেন, হাসপাতালে বর্তমানে সাধারণ রোগীর চাপ কম। এর মধ্যে এই উপজেলায় তিন জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর এখানে জরুরি ছাড়া সাধারণ রোগী নেই বললেই চলে। তার মধ্যে আতঙ্কে অনেকেই হাসপাতালে ভর্তি থাকতে আগ্রহ দেখাচ্ছেন না। দুই একজন ছাড়া সকলেই ব্যবস্থাপত্র নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। জরুরি বিভাগের পাশাপাশি বহির্বিভাগের একই অবস্থা।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার বলেন, শুধু এই হাসপাতালে যে রোগী কম তা নয়। বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোর একই অবস্থা। তবে এখানে পূর্বের ন্যায় সব সময় সকল চিকিত্সাসেবা অব্যাহত রয়েছে।