কাশিয়ানীতে দোকান খুলতে বাধ্য করায় জরিমানা
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে করোনা পরিস্থিতিতে সরকারি আদেশ না মেনে প্রতিষ্ঠান খোলা রাখায় আটটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, রড, সিমেন্ট, টিন, কাপড়, ক্রোকারিজ ও মিষ্টির দোকান খোলার অপরাধে আট ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সৈয়দপুরে ১৩ ব্যবসায়ীকে জরিমানা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, সৈয়দপুরে লকডাউন না মেনে দোকান খোলা রাখায় ১৩ ব্যবসায়ীকে ১ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে পৌর শহরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ জরিমানা আদায় করেন।
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, কাশিয়ানীতে দোকান খুলতে বাধ্য করায় এক জনকে জরিমানা করা হয়েছে। কাশিয়ানীতে দোকানদারকে চায়ের দোকান খুলতে বাধ্য করে চা খাওয়া ও আড্ডা দেওয়ার অপরাধে শেখ ইলিয়াস নামের এক আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ এ রায় প্রদান করেন।
সখিপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা
ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা জানান, ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি টিম ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
