বিনা অনুমতিতে তেল আমদানি করতে পারবে বিদ্যুত্ উত্পাদনকারী প্রতিষ্ঠান

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২১:১৭

করোনা ভাইরাস

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের সংক্রমণে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে গেছে। দেশে চলছে সাধারণ ছুটি। ছুটির মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও শিল্পোত্পাদন স্বাভাবিক রাখতে কিছু নীতি ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই ছাড়ের অংশ হিসেবে এখন থেকে বিদ্যুত্ উত্পাদনকারী প্রতিষ্ঠান সহযোগী কোম্পানির মাধ্যমে বিদেশ থেকে  বিনানুমতিতে তেল আমদানি করতে পারবে। এদিকে স্থানীয় (লোকাল) ব্যাক টু ব্যাংক ঋণপত্রের (এলসি) বিল নস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে। গতকাল এ সংক্রান্ত দুইটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, দেশের চার-পাঁচটি বিদ্যুত্ উত্পাদনকারী প্রতিষ্ঠান সহযোগী কোম্পানির (সিস্টার কনসার্ন) মাধ্যমে বিদেশ থেকে কাঁচামাল হিসেবে ফার্নেস অয়েল ও হাই সালফার ফুয়েল অয়েল আমদানি করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হয়; কিন্তু করোনার কারণে সাধারণ ছুটিতে কেন্দ্রীয় ব্যাংক বন্ধ রয়েছে। অনুমোদনের শর্ত পরিহার করে গতকালের সার্কুলারে বলা হয়েছে, আমদানি এলসির মেয়াদ বাড়িয়ে আগেই ৩৬০ দিন করা হয়েছে। এখন কাঁচামাল হিসেবে সহযোগী কোম্পানির মাধ্যমে তেল আমদানির জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না। তবে বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সংশ্লিষ্ট সহযোগী কোম্পানি বিদ্যুত্ উত্পাদনকারী প্রতিষ্ঠানের পক্ষে তেল আমদানি করতে পারবে।