গোপালগঞ্জের কাশিয়ানীতে জোর করে চায়ের দোকান খুলে চা পান ও আড্ডা দেয়ার অপরাধে শেখ ইলিয়াস (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ অর্থদণ্ড প্রদান করেন।
ইলিয়াস ডোমরাকান্দি গ্রামের মৃত শামসুল হকের ছেলে ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
জানা গেছে, আওয়ামী লীগে নেতা ইলিয়াস সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার সাতাশিয়া বাজারের চায়ের দোকানদার ইলিয়াস কাজীকে দিয়ে জোর করে দোকান খোলান। পরে লোকজন নিয়ে সেখানে চা পান করেন ও আড্ডা দেন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ সামাজিক দূরত্ব লঙ্ঘন করার অপরাধে ওই আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খুলিয়ে চা পান ও আড্ডা দেয়ার অপরাধে ইলিয়াসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’
ইত্তেফাক/এমআর
