নির্বাচনে ব্যস্ত ক্রীড়াঙ্গনও

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২০:৩৪

ঠিক হাড় কাঁপুনি বা জবুথবু অবস্থা না হলেও পৌষের শীতের প্রবাহ এখন সারাদেশে। এর মাঝেই জাতীয় সংসদের নির্বাচনী আমেজে মজে আছে গোটা দেশ। সেই ভোট উত্সবের বাইরে নয় বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আজ সারাদেশে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ক্রীড়াঙ্গনের এক ঝাঁক সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবার নির্বাচনে অংশ নিচ্ছেন। ক্রিকেট, ফুটবল, অন্যান্য ফেডারেশনের সংগঠকরা এখন ব্যস্ত শেষ মুহূর্তের নির্বাচনী কার্যক্রমে। যেখানে দেশব্যাপী আলোচিত প্রার্থীও রয়েছেন। তবে তাদের সিংহভাগই আওয়ামী লীগের টিকিটে ভোটের লড়াইয়ে শামিল হচ্ছেন।

তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনিও কিশোরগঞ্জ-৬ আসনে (ভৈরব-কুলিয়ারচর) আওয়ামী লীগের প্রার্থী।

বিসিবির সাবেক দুই সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) ও সাবের হোসেন চৌধুরী এবারও আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে লড়ছেন। বর্তমান পরিকল্পনামন্ত্রী লোটাস কামাল কুমিল্লা-১০ আসন এবং সাবের হোসেন ঢাকা-৯ আসন  থেকে নির্বাচন করছেন। ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের গভর্নিং বডির সাবেক সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লা-১০ আসনে লোটাস কামালের প্রধান প্রতিদ্বন্দ্বী।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়ও একই দলের হয়ে নির্বাচনে লড়ছেন। মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর) আসনের প্রার্থী বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক।

সাবেক তারকা ফুটবলার সালাম মুর্শেদী নির্বাচনের লড়াইয়ে নেমেছেন খুলনা-৪ আসন  থেকে। জাতীয় সংসদের সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা মারা যাওয়ায় কয়েক মাস আগে আওয়ামী লীগের টিকিটে এই আসনের উপনির্বাচনে জয়লাভ করে এমপি হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এই সিনিয়র সহসভাপতি।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম গত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রাজশাহী-৬ আসন থেকে। এবারও একই আসনের প্রার্থী বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা এই ক্রীড়া সংগঠক। শাহরিয়ার আলম একই সঙ্গে বিপিএলের দল রাজশাহী কিংসেরও মালিক।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও আবাহনীর ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী। পেশাদার লিগের ক্লাব চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী চট্টগ্রামের পটিয়া থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে লড়ছেন। বিসিবির সাবেক পরিচালক ও ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সভাপতি গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক নারায়ণগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল গাজীপুর-২ আসন থেকে নৌকা প্রতীকে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। সাবেক ফুটবলার একরামুল করিম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নোয়াখালী-৪ আসন থেকে। সাবেক অ্যাথলেট মাহবুব আরা গিনি গাইবান্ধা-২ আসনে এবারও নির্বাচন করছেন। তারা দু’জনও আওয়ামী লীগের প্রার্থী।

সাবেক জাতীয় ফুটবলার, বাফুফের কর্মকর্তা ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোলা-৩ আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি।