প্রতিষ্ঠান লে-অফ (সাময়িক বন্ধ) ঘোষণা করা হলে সরকার ঘোষিত প্রণোদনা তহবিল হতে সুবিধা নেওয়া যাবে না। করোনা ভাইরাস মহামারির জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল থেকে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে মাত্র ২ শতাংশ সার্ভিস চার্জে ঋণ পাচ্ছে তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান। তবে এ পরিস্থিতিতে যদি কোনো প্রতিষ্ঠান লে-অফ ঘোষণা করে তবে সেই প্রতিষ্ঠান এ তহবিল থেকে ঋণ পাবে না। ৫ হাজার কোটি টাকার তহবিল থেকে ঋণ বিতরণে এসব নির্দেশনা দিয়ে রবিবার বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, নোভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সচল রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের লক্ষ্যে ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ সুবিধা প্রদানের বিষয়ে অর্থ বিভাগের মতামত হচ্ছে—যেসব শিল্পপ্রতিষ্ঠান ৮০ শতাংশের অধিক সরাসরি পণ্য রপ্তানি করে থাকে, তাদের এলসি পরীক্ষা সাপেক্ষে কেবলমাত্র শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের লক্ষ্যে গঠিত ৫ হাজার কোটি টাকার তহবিল হতে ঋণ প্রদান করা যাবে। তবে কোনো শিল্পপ্রতিষ্ঠান যদি লে-অফ ঘোষণা করে তাহলে ঐসব প্রতিষ্ঠান এ তহবিল থেকে ঋণ পাবে না। ৮০ শতাংশের কম বিবেচিত রপ্তানিকারকরা ২০ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল থেকে এসব প্রতিষ্ঠান ঋণ নিতে পারবে। যা দিয়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যাবে।
