ইতালিতে করোনায় আক্রান্ত কমেছে, বেড়েছে মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০১:০৪

করোনাভাইরাসে বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার প্রাণঘাতী হানায় ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম বিপর্যস্ত দেশ ইতালি। তবে এবার দেশটিতে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত কমলেও মৃতের সংখ্যা বেড়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। তবে দেশটিতে এই মৃতের সংখ্যা গত দিনের চেয়ে সামান্য বেশি। ফলে ইতালিতে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও অন্তত ৪৫৪ জন। রবিবার ইউরোপের এই দেশটিতে করোনায় মারা গেছেন ৪৩৩ জন এবং আগের দিন শনিবার প্রাণ গেছে ৪৮২ জনের।

খবরে বলা হয়, নতুন করে ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৬ জন। গত এক মাসের মধ্যে আক্রান্তের এই সংখ্যা একদিনে সর্বনিম্ন বলে জানিয়েছে দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা।

আরও পড়ুন: ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত দেড় হাজারের বেশি, মৃত্যু ৪০

করোনায় ইতালিতে এখন পর্যন্ত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। দেশটিতে এপর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৪ হাজার ১১৪ জন। আর ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ২২৮ জন। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৮৭৭ জন।


ইত্তেফাক/আরআই