করোনাভাইরাস মহামারীর মধ্যেও ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বহাল রাখার ঘটনাকে ‘বর্বরোচিত অপরাধ’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। সোমবার ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কোন্তের সঙ্গে এক টেলিফোনালাপে এই মন্তব্য করেন রুহানি।
রুহানি বলেন, ইরানি জনগণ যখন করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ রয়েছে তখন আমেরিকার নিষেধাজ্ঞা অমানবিকতার সকল সীমা অতিক্রম করেছে।
রুহানি তার দেশের পক্ষ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ৫ বিলিয়ন ডলারের ঋণের আবেদন জানানোর কথা তুলে ধরে বলেন, আমেরিকা এই ঋণ প্রদানে বাধা দিচ্ছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান যাতে করোনা মোকাবিলায় এ ঋণ পেতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি ইতালির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
এছাড়া রুহানি জানান, আমেরিকার নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে ব্যবসা করতে ইউরোপীয় দেশগুলো ইনসটেক্স নামক যে কথিত বিশেষ ব্যাংকিং চ্যানেল চালু করার কথা বলেছে তা আদৌ বাস্তবায়িত হয়নি। পার্স টুডে।
ইত্তেফাক/এসআর
