ঘরে খাবার না থাকায় গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৬:০৬

করোনা ভাইরাসের কারণে পুরো দেশ জুড়েই চলছে অঘোষিত লকডাউন। এর ফলে কাজ না থাকায় বেশির ভাগ খেটে খাওয়া মানুষই নিঃস্ব হয়ে পড়েছেন। সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও ত্রাণ সরবরাহ করা হচ্ছে সারাদেশে। তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। 

এমন এক অসহায় পরিবারে পারিবারিক কলহের জের ধরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এক গৃহবধূ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তিন সন্তানের জননী ওই গৃহবধূর নাম সোমা বেগম(২২) । তিনি উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের ফেরিওয়ালা আইয়ুব নবীর স্ত্রী। 

ওই গ্রামের হাসান আলী জানান, আইয়ুব একজন ফেরিওয়ালা। করোনার কারণে কাজ বন্ধ। আজ দুপুরে সোমা বাচ্চাদের খাবারের জন্য ডিম কিনে আনতে বলে। টাকা না থাকায় আইয়ুব কিনতে অপারগতা জানায়। এমতাবস্থায় সোমা স্বামীর সামনেই কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়। আহত সোমাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীম আল রাজী জানান, সোমার বুক ও দুই হাত পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুত্বর বিবেচনায় তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সষ্টিটিউিটে পাঠানো হয়েছে। গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এসআই