‘ব্যান্ডের ব্যস্ততা দিয়ে শুরু হবে নতুন বছর’

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২০:৪৪

আরো একটি বছর শেষের পথে। একদিন পর নতুন বছর বরণের আয়োজন শুরু হবে। নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে হাজির হবেন দেশের শোবিজ তারকারা। নতুন বছরের এমনই এক পরিকল্পনা নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী সৈয়দ শহীদ। চলতি মাসে তার ব্যান্ড ‘দূরবীন’ ক্যারিয়ারের ১৪ বছরপূর্ণ করেছে। তবে নির্বাচন উপলক্ষে বর্ষপূর্তির কোনো আয়োজন করা হয়নি ব্যান্ড থেকে। সেই আয়োজন দিয়েই নতুন বছর শুরু হবে শহীদের। বর্ষপূর্তি অনুষ্ঠানে নতুন অ্যালবামও শ্রোতাদের উপহার দেবে ‘দূরবীন’। এ প্রসঙ্গে শহীদ বলেন, ‘এই মাসে নির্বাচনের কারণে অনুষ্ঠানটি পিছিয়ে জানুয়ারিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে একটি অ্যালবামও প্রকাশ করা হবে। তবে এখনই চূড়ান্ত কিছু হয়নি। সার্বিক বিষয়গুলো ঠিক করে সবাইকে জানানো হবে।’ চলতি বছর কেমন গেল? এ প্রসঙ্গে শহীদ আরো বলেন, ‘বেশ ব্যস্ততার মধ্য দিয়ে এই বছরটা আমি পার করলাম। গানের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত কাজের ব্যস্ততা বেশি ছিল। তবুও সবকিছুর মধ্যে গানটা করা চেষ্টা ছিল। এ বছর ব্যান্ডের চেয়ে আমি একক গানই বেশি করেছি। তবে আগামীবছরটা আমি ব্যান্ড নিয়েই থাকতে চাই। ব্যান্ডের বেশকিছু নতুন কাজ আসবে। নতুন বছর আরো ভালো কিছু নিয়ে আসবে আশা করি।’