চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তিতে নয় হাজার পরিবারের ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯ ও ১০ নম্বর গন্ধব্যপুর ইউনিয়নের খাদ্যসামগ্রী বিতরণ টেলি কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ মেজর অব. রফিকুল ইসলাম। আজ থেকে শুরু করে আগামী ছয় দিনের মধ্যে ওই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে ২১ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে আর্থিক ফান্ড গঠন করা হয়েছে। ওই ফান্ডে আওয়ামী লীগের ত্যাগী, সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এমপির ব্যক্তিগত অর্থসহ এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।
টেলি কনফারেন্সে এমপি মেজর অব. রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে খাদ্য সহায়তা সরকারের পাশাপাশি আমাদের এ উদ্যোগ। সংকট মোকাবিলায় আপনারা ঘরে থাকুন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. জসিম উদ্দিন, ১০ নম্বর গন্ধ্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, ১ নম্বর রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাদী মিয়া, ৯ নম্বর গন্ধব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম পাটোয়ারী, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী প্রমুখ।
ইত্তেফাক/এসি
