আগামী সপ্তাহে উমর আকমলের রায়

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:১১

স্পোর্টস রিপোর্টার

উমর আকমল আগেই সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আনা অভিযোগের বিপক্ষে আইনি লড়াই করবেন না তিনি। ফলে এখন রায় শোনার অপেক্ষা। আর সেই রায় ঘোষিত হতে পারে ২৭ এপ্রিল।

উমর আকমল ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই নানা ধরনের বিতর্কে জড়িয়েছেন। সর্বশেষ গত ২০ মার্চ তার বিপক্ষে দুর্নীতিবিরোধী আইনের দুটি ধারায় অভিযোগ আনে পিসিবি। এরপর থেকে তাকে সাময়িক নিষেধাজ্ঞার ভেতর রাখা হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান বিচারপতি (অব.) ফজল-ই-মিরান চৌহানের উপস্থিতিতে ২৭ এপ্রিল আকমলের শুনানি হবে।

আকমল ও পিসিবির প্রতিনিধিদের শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে হবে এই কার্যক্রম। অভিযোগ নিশ্চিত হলে ছয় মাস থেকে আজীবন নিষেধাজ্ঞা পর্যন্ত পেতে পারেন ২৯ বছর বয়সি ব্যাটসম্যান।  পিসিবির আনিত অভিযোগের বিরুদ্ধে কোনো আইনি লড়াইয়ে যাননি আকমল। তাই এখন শাস্তির অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই তার। তবে ধারণা করা হচ্ছে শাস্তি শিথিল করায় ভূমিকা রাখতে পারে তার এই  লড়াই না করার সিদ্ধান্ত।