‘আইসিসি কিছু জানায়নি’

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:১২

স্পোর্টস রিপোর্টার

গতকাল সকাল থেকে ক্রিকেটপাড়ায় সবচেয়ে বেশি চর্চিত নাম ছিল জাভেদ ওমর বেলিমের নাম। হঠাত্ করেই একটি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটে দাবি করা হয় যে, এই নারী দলের ম্যানেজার ও সাবেক জাতীয় দলের তারকার কিছু কার্যকলাপে তাকে নিয়ে সন্দেহ করছে আইসিসি। ফলে তাকে ক্রিকেট থেকে দূরে রাখতে বলা হয়েছে। কিন্তু দিন গড়াতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায় যে, এরকম কিছু ঘটেনি। আইসিসি তাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলাপ করেনি বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

জাভেদ ওমরের সঙ্গে এই বছর পর্যন্তই বিসিবির চুক্তি ছিল নারী দলের ব্যাপার। তিনি সর্বশেষ নারী বিশ্বকাপে দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। আর ক্রিকবাজ দাবি করেছে যে, সেখানে তিনি কিছু ‘তথ্য পাচার’ করেছেন। যেটা আইসিসির অনুসন্ধানে উঠে এসেছে। এরপর আইসিসি বিসিবিকে অনুরোধ করেছে, জাভেদকে যেন ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে রাখা হয়।

কিন্তু বিসিবি এই ধরনের অনুরোধ পাওয়ার খবরকে একেবারেই অসত্য বলে দাবি করেছে। সুজন বলেছেন, ‘এরকম কিছুই আইসিসি আমাদের বলেনি। আইসিসি এসব ব্যাপার নিয়ে কোনো সদস্য দেশের সঙ্গে যোগাযোগ করলে সিইও বা বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করবে। সেরকম কিছু তারা করেনি। ফলে এই ধরনের খবর একেবারেই সত্যি না।’

সুজন একই সঙ্গে বলেন যে, বিসিবির অন্য কোনো কর্মকর্তা এ বিষয়ে কিছু বলার কথা নয়। তবে ক্রিকবাজ দাবি করেছে, তাদেরকে এক কর্মকর্তা এরকম চিঠি দেওয়ার কথা নিশ্চিত করেছেন।

জাভেদ ওমরের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে জাভেদের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছেন যে, জাভেদ খুব সচেতনভাবে নিজের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, ‘আমরা জানি সে তার দায়িত্বে কোনো অবহেলা করেনি। সে সচেতন ছিল সব ব্যাপারে। তার বিপক্ষে অভিযোগ ওঠার কোনো কারণ দেখি না।’