মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০০:০৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে সামাজিক দূরত্ব না মেনেই হাট-বাজারগুলোতে চলছে কেনাবেচা। ভূইয়াগাতী, ব্রহ্মগাছা, ধানগড়া, বৈকুণ্ঠপুর, এরান্দহ, কৃষ্ণদিয়া, কালিঞ্জা, গ্রামপাঙ্গাশী, রামেশ্বরগাঁতী ও হাটপাঙ্গাসী বাজারে দেখা যায় লোকজনের ব্যাপক আনাগোনা। বিশেষ করে হাটপাঙ্গাসী বাজারের প্রতিটি দোকানে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত থাকে উপচেপড়া ভিড়। একজন আরেকজনের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলে কেনাকাটা করছে। এভাবে বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমণ ঝুঁকি। বিক্রেতা ও ক্রেতা অধিকাংশের মুখে মাস্ক নেই। এদিকে পাঙ্গাসীবাজারের রিপন কসমেটিক্সের দোকানের সামনে গ্রামপাঙ্গাসী রোড ও খলিল মোড়ে দেখা যায় অটো-ভ্যান ও ইজিবাইক চালকদের লম্বা লাইন। অনেকে আবার যাত্রী ছাড়াই অটোভ্যান নিয়ে বাজারের মধ্যে চলাচল করছে। এ ব্যাপারে বাজার বণিক সমিতির সদস্য মো. রঞ্জু সরকার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার থেকে শুরু করে জনপ্রতিনিধিসহ আমরা সবাই জনসাধারণকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মো. মোকাদ্দেস হোসাইন সোহান

গ্রামপাঙ্গাসী (চাঁদপাড়া), বোয়ালিয়ারচর,

রায়গঞ্জ, সিরাজগঞ্জ