খুলনায় সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগে মারা যাওয়া নূর আলম খানের (৪৩) নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার মেডিক্যাল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। পাঁচ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগে গতকাল মঙ্গলবার সকালে তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে এটিই খুলনার প্রথম মৃত্যুর ঘটনা। মৃত নূর আলম খান রূপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে।
খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুল আহাদ জানান, গতকাল মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে মৃত নূর আলম খানের নমুনায় পজিটিভ ধরা পড়ে। তিনি বলেন, এটিই খুলনায় প্রথম মৃত্যুর ঘটনা।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, গতকাল মঙ্গলবার সকাল পৌঁনে ৯টার দিকে নূর আলম খান নামে এক জনকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তবে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
