কুষ্টিয়ায় ত্রাণ চুরি মামলায় ইউপি মেম্বার গ্রেফতার

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৮:৫৯

কুষ্টিয়ার দৌলতপুরে ত্রাণ চুরি মামলায় এক ইউপি মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। 

গত মঙ্গলবার জেলার দৌলতপুর উপজেলার গোবরগাড়া গ্রাম থেকে ইউপি মেম্বার হাবিবুর রহমান (৫২) গ্রেফতার  করা হয়। 

পুলিশ জানায়,  দৌলতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুঃস্থুদের মধ্যে সরকারি ত্রাণসামগ্রী বিতরণের জন্য ইউপি মেম্বার হাবিবুর রহমান ৫০ জনের তালিকা তৈরী করেন। ওই তালিকা অনুসারে ৯ এপ্রিল সকাল ও ১০ এপ্রিল ত্রাণ বিতরণ করা হয়। এতে রবিউল ইসলাম, মালেক, ইদ্রিস, সকেনা, জুলেখা, জোসনা, আফু, কোহিনুর, সারজান, আমিরল ও মোকাব্বরসহ তালিকাভুক্ত অন্যান্যরা ত্রাণ নিতে হাজির হলে তাদের কাউকে ত্রাণ দেয়া হয়নি। ফলে এ ঘটনায় পুলিশি অনুসন্ধানে জানা যায় যে, ত্রাণ না পাওয়া ব্যক্তিদের নাম পূর্বে প্রস্ততকৃত তালিকায় থাকা সত্বেও তাদের ত্রাণ দেয়া থেকে বঞ্চিত করা হয়। পরবর্তীতে এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়।  

দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এটি একটি ফৌজদারী অপরাধ। আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ইত্তেফাক/এমআরএম