কুষ্টিয়ায় প্রথম দুইজন করোনা রোগী শনাক্ত

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১২:০৪

কুষ্টিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম দুইজন রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকালে ওই দুই করোনা রোগী শনাক্ত হয়। কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা ও অপরজন ড্রাইভার।

 

আক্রান্তদের মধ্যে একজনের বয়স (৩০)। তার বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়। তিনি কুষ্টিয়াস্থ ব্যাংক কর্মকর্তা। অন্যজনের (৫৯) বাড়ি কুমারখালী উপজেলার গট্রিয়া এলাকায়। তিনি পেশায় ড্রাইভার।

 

কুষ্টিয়ার ২৫০ বেড জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার তাপস কুমার সরকার জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ওই দুজনের নমুনা পরীক্ষায় প্রাপ্ত ফলাফলে তারা করোনা ভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবরেটরিতে ওই দুজনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তদের মধ্যে ট্রাক ড্রাইভার সম্প্রতি নারায়নগঞ্জ থেকে কুষ্টিয়ায় আসেন বলে জানা গেছে। এদের দুজনকে হোম কোয়ারেন্টাইন থেকে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হবে বলে হাসপাতাল সূত্র জানায়। এছাড়াও আক্রান্তদের বাড়িসহ বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউন করা হয়েছে।
 
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন জানান, করোনা ভাইরাস সংক্রমণরোধে ওই দুই রোগীর বাড়ি ও আশপাশের এলাকা লকডাউনসহ স্বাস্থ্য মেনে চলতে কঠোরতা আরোপ করা হয়েছে।

 

ইত্তেফাক/এএম