বগুড়ায় আরও তিনজন করোনায় আক্রান্ত

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১২:৪২

বগুড়ায় ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত দুই নারীসহ আরও তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বগুড়ার সিভিল সার্জন ডা. গাওসুল আজিম চৌধুরী মঙ্গলবার রাত নয়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আক্রান্ত তিনজনের মধ্যে দু’জনের বাড়ি সারিয়াকান্দি উপজেলায়, একজনের বাড়ি পাশের সোনাতলা উপজেলায়। এ নিয়ে বগুড়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫ জন।

 

এর আগে ঢাকা ফেরত আদমদীঘির এক পুলিশ কনস্টেবল এবং নারায়ণগঞ্জ থেকে আসা ওই একই উপজেলার এক ট্রাক চালক করোনা ভাইরাসে আক্রান্ত বলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। তাদের দুজনকেই করোনা আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় মঙ্গলবার বিকেল চারটা থেকে বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা দেয় জেলা প্রশাসন।

 

সিভিল সার্জন ডা. গাওসুল আজিম চৌধুর জানান, সারিয়াকান্দি ও সোনাতলার যে তিনজন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন তারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফেরার পর থেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত ১৭ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে ১৮ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়।

 

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আমাদের জানানো হয়েছে- ওই তিনজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ এসেছে। তাদেরকে আইসোলেশন ইউনিটে আনা হবে। তাদের বাড়ি-ঘর লকডাউন করা হবে কি’না-জানতে চাইলে তিনি বলেন, ‘বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন জানান, ওই ৩ জনের মধ্যে সারিয়াকান্দির বাসিন্দা পুরুষের বয়স ২৫ আর একই উপজেলার সেই নারীর বয়স ২০। তবে সোনাতলা উপজেলার বাসিন্দা অপর নারীর বয়স ৪৭।

 

ইত্তেফাক/এএম