চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে জবাই করে হত্যা করে লাশ স্কুলের কক্ষে রেখে দিয়েছে হত্যাকারীরা। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
ওই ছাত্রীর নাম কাকলী। সে ইসলামাবাদ সপ্তমগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার পিতার নাম ভজন মিস্ত্রি। বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে ওই ছাত্রী নিখোঁজ ছিল। তার নিখোঁজের বিষয়ে মতলব উত্তর থানায় জিডি রয়েছে। বুধবার সকাল ১১টার দিকে স্থানীয় শিশুরা ইসলামাবাদ ইউনিয়নের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন অক্সফোর্ড কিন্ডারগার্টেনের মাঠে খেলাধুলা করছিল। তাদের খেলার বলটি অক্সফোর্ড কিন্ডারগার্টেনের একটি কক্ষে গিয়ে পড়ে। ওই বলটি কুড়াতে গিয়ে শিশুরা একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা এসে কাকলীকে শনাক্ত করে।
আরো পড়ুন: সিদ্ধিরগঞ্জে মহাসড়কে অজ্ঞাত দুই বৃদ্ধের লাশ
খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা ও পুলিশ (তদন্ত) শাহজাহান কামাল ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছেন।
ইত্তেফাক/এএএম
