আজ আইসিসি প্রধান নির্বাহীদের বৈঠক
স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের মহামারিতে খেলাধুলার সব আয়োজন তো বাতিল হয়েছেই। এমনকি প্রয়োজনীয় বৈঠকগুলোও সামনাসামনি করতে পারছে না সংগঠনগুলো। আজ আইসিসির সদস্য দেশগুলোর প্রধান নির্বাহীরা তাই ভিডিও কলের মাধ্যমে সারবেন তাদের নিয়মিত বৈঠক। আর এই বৈঠকে নিজেদের অবস্থা তুলে ধরা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সুজন বিডি নিউজকে বলেছেন, এই বৈঠকে সিরিজ ধরে ধরে আলাদা আলোচনা হওয়ার সম্ভাবনা কম। বরং সামগ্রিকভাবে আলোচনা হবে, ‘আমি যতদূর বুঝি, এখানে আসলে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, সেটি তো কেউ জানে না। আলোচনা করলে অনেক পথ বেরিয়ে আসতে পারে। অনেকগুলো সিরিজ থমকে গেছে। অনেক খেলা ছিল এই সময়টায়। এগুলো নিয়ে আলাদা করে কথা বলা কঠিন। এখনই দিন-তারিখ ঠিক না হলেও এই পরিস্থিতিতে কোন পথে এগোনো যেতে পারে, কীভাবে সিরিজগুলো ভবিষ্যতে আয়োজন করা যায়, সেসবের একটি ধারণা মিলতে পারে।’
বাংলাদেশেরও এই সময়ে বেশ কয়েকটা সিরিজ বাতিল হয়েছে। সেগুলো নিয়ে বৈঠকে বিসিবি কথা বলবে বলেই বললেন সুজন, ‘আমাদের অবস্থা আমরা জানাব। কিছু খেলা স্থগিত হয়েছে আমাদের। অন্য অনেক দেশের কিন্তু আরো অনেক খেলা ছিল। তাদের ব্যস্ততাও বেশি। নতুন করে সিরিজগুলো আয়োজন করা সহজ কাজ নয়। সম্ভাব্য একটি পথরেখা ঠিক হওয়ার পর দুই দেশের বোর্ড মিলে নতুন সময় ঠিক করা হবে।’
তবে সুজন বাস্তবতা জানেন। তিনি বলছিলেন, এই সিরিজগুলো নতুন করে আয়োজন খুব কঠিন হবে, ‘এফটিপিতে সূচি ছিল খুবই ঠাসা। নতুন করে সিরিজগুলোর জন্য সময় বের করা অনেক কঠিন হবে। আলোচনা করে সম্ভাব্য সেরা পথ নিশ্চয়ই বের করা হবে। তাই অন্য সব দেশের ক্ষেত্রে যা হবে, বাংলাদেশের ক্ষেত্রেও ভিন্ন হওয়ার সুযোগ নেই।’
