স্পোর্টস রিপোর্টার
করোনো ভাইরাসের কারনে গত ১৯ মার্চ থেকে প্রিমিয়ার ফুটবল লিগের খেলা স্থগিত রয়েছে। এক মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। খেলোয়াড় এবং ক্লাব কর্মকর্তারা উত্কণ্ঠায় দিন কাটাচ্ছেন। একদিকে স্বাস্থ্যগত বিষয় জীবন মরণ বিষয় অন্য দিকে খেলোয়াড়রা ঘরবন্ধী হয়ে ক্যারিয়ার ক্ষতির মুখে, খেলা না থাকলেও ক্লাবগুলোর খরচা থেমে নেই। করোনা রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে, দেশে মুত্যৃর মিছিলও বাড়ছে। এই অবস্থায় প্রিমিয়ার লিগের ভাগ্যে কি আছে তা জানা যাবে আগামী সপ্তাহে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গতকাল জানিয়েছেন শনি অথবা রবিবার আলোচনায় বসা হবে। সেখানে ক্লাবগুলোর মতামত নেয়া হবে।
লিগের ভাগ্য নিয়ে কথা বলতে বাফুফে গত ১৪ এপ্রিল ক্লাবগুলোকে চিঠি দিয়েছিল। ২০ এপ্রিল শেষ সময় বেঁধে দিলেও ১৩ ক্লাবের মধ্যে গতকাল পর্যন্ত বসুন্ধরা কিংস, সাইফ স্পোর্টিং ক্লাব, উত্তর বারীধারা, মোহামেডান, আরামবাগ, শেখ রাসেল, শেখ জামাল, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ চিঠি দিয়েছে। ব্রাদার্সের ফুটবল ম্যানেজার আমের খান জানিয়েছেন তারাও চিঠি দিয়েছে। কিন্তু বাফুফে বিকাল পর্যন্ত হাতে চিঠি পায়নি। যারা চিঠি পাঠিয়েছেন তাদের চিঠি পড়ে একটা বিষয় বাফুফে নিশ্চিত করেছে এই মুহুর্তে কোনো ক্লাবই খেলা মাঠে গড়ানোর বিষয়ে দুঃসাহস দেখাচ্ছে না। দুই একটি ক্লাব এখনই মতামত দিতে রাজি না। আরামবাগের চিঠিতে বলা হয়েছে এই লিগ এখানে সমাপ্ত করলে ভালো হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপাতত লিগ বন্ধ করা যায় কিনা এমন মতামত দিলেও সবার সিদ্ধান্তের প্রতি সম্মান দিতে চায় পুলিশ, জানিয়েছেন পেশাদার লিগ কমিটির ম্যানেজার জাবের বিন আনসারী। সাইফ ও বসুন্ধরা একটু সময় নিয়ে মতামত দিতে চায়। তবে সবার কথা একটাই লিগ যখনই শূরু হোক যেন দ্রুত সময়ের মধ্যে শেষ হয়। আর্থিক ব্যয়টার উপরই গুরুত্ব দিয়েছে।
