এ বছরের হোল্ডিং ট্যাক্স মওকুফ করুন

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২১:১৮

গোটা বিশ্ব আজ বিপর্যস্ত করোনা মহামারিতে। আমাদের বাংলাদেশেও এর বাইরে নয়। করোনার এই মহাদুর্যোগে অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের বাসাভাড়া মওকুফ করে দিয়েছেন। তাছাড়া ভাড়াটিয়াদের কাছ থেকে বাড়িভাড়া না নেওয়ার জন্য সরকারও বাড়ির মালিকদের অনুরোধ জানিয়েছেন। এই দুর্যোগে বাড়িভাড়া মওকুফ সত্যিই মানবিক একটা উদ্যোগ। করোনা পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা বলা মুশকিল। আর এ সময়ে মানুষের আয়-রোজগারও ব্যাহত হওয়াই স্বাভাবিক। তাই সরকারের পক্ষ থেকেও আদেশ আসা জরুরি দেশের প্রতিটি নগর ও শহরের সমস্ত বাড়ির বর্তমান বছরের হোল্ডিংট্যাক্স মওকুফের। আদেশটি জারি হলে বাড়ি-মালিকরাও ভাড়াটিয়াদের ভাড়া মওকুফের বিষয়টিও জরুরি অবস্থাকালীন উদ্যোগ হিসেবে বিবেচনা করবেন। করোনার ছোবলে দেশের সর্বশ্রেণির মানুষ আজ চরমভাবে ক্ষতিগ্রস্ত। হোল্ডিংট্যাক্স মওকুফ বাড়িঅলা-ভাড়াটে উভয়ের জন্য মঙ্গলজনক হবে। পাশাপাশি বাংলা নতুন বছরে বসতবাড়ি ও জমিজমার খাজনাও মওকুফ করা যেতে পারে। বিষয়টি বিবেচনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা