ইত্তেফাক রিপোর্ট
বর্তমান করোনা ভাইরাস সংকট মোকাবিলায় সারাদেশে নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের কৃষি অর্থনীতিকে উজ্জীবিত করতে সুনামগঞ্জের চাষিদের পাশে এগিয়ে এসেছে এই বাহিনী। বর্তমান বোরো মৌসুমে ক্ষেতের পাকা ধান কাটা নিয়ে উদ্বিগ্ন সুনামগঞ্জের চাষিদের ধান কাটা কার্যক্রমে অংশ নিয়েছে বাহিনীর সদস্যরা। আনসার ও ভিডিপির উপপরিচালক (যোগাযোগ)ও গণসংযোগ কর্মকর্তা (অতিঃদায়িত্ব) মেহেনাজ তাবাস্সুম রেবিন জানান, অন্যান্য বছরে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে এ ধান কাটার জন্য শ্রমিক আসত। কিন্তু এবার করোনার কারণে দেশের প্রায় সব জেলা লকডাউন করা হয়েছে। ফলে অন্য জেলার শ্রমিকেরা এবার সুনামগঞ্জ জেলায় আসতে না পারায় বোরো চাষিরা সীমাহীন উদ্বিগ্ন হয়ে পড়েন।
