ঢাকা ছাড়লেন আরো ৩০১ মার্কিন নাগরিক

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২২:০৪

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় চতুর্থ দফায় বাংলাদেশ ছাড়লেন আরো ৩০১ মার্কিন নাগরিক। মঙ্গলবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ওমনি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন এই মার্কিনিরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি দেরি করে মঙ্গলবার মধ্যরাতে ঢাকা ছেড়ে যায়। এর আগে তিনটি ফ্লাইটে দেশে ফেরেন মার্কিনিরা। এর মধ্যে ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন নাগরিক দেশে ফিরেছেন। অপরদিকে গতকাল সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ১৮৫ জন বাংলাদেশি। অন্যদিকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ফিরে গেছেন ৯৮ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান। তিনি জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ১৮৫ জন বাংলাদেশি নিয়ে গতকাল বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকায় আসেন। অন্যদিকে ঢাকা থেকে ৯৮ জনকে নিয়ে দুপুর ২টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, জার্মান, জাপান, মালয়েশিয়া, রাশিয়া, কানাডা ও ভুটানের নাগরিকরাও বাংলাদেশ ছেড়েছেন।