লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাকপ্রতিবন্ধী কিশোরী (১৬) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ওত পেতে থাকা প্রতিবেশী হোসেন তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর রামগতির বয়ারচর এলাকায় কিশোরী (১৮)-কে রাতে রাশেদ নামের যুবক কৌশলে বাড়ির পাশের একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা দুটির জন্য উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
গতকাল এক লিখিত বিবৃতিতে মহিলা পরিসদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এ উদ্বেগের কথা জানান। ২১ এপ্রিল প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায় যে, লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধষর্ণের ঘটনায় নির্যাতনের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে গত ১৯ এপ্রিল রামগতি থানায় মামলা করেন। আর বয়ারচরের ঘটনায় গত ১৮ এপ্রিল নির্যাতনের শিকার ওই তরুণী বাদী হয়ে রামগতি থানায় মামলা করেন।
