জেলার নন্দীগ্রামে সোবাহান আলী নামের এক কৃষকের বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার দুপুর দুটার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে নগদ টাকা, ধান, চাল, কৃষি দ্রব্যাদি ও বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছেন কৃষক সোবাহান আলীর ভাতিজা ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
তিনি জানান, দুপুরে হঠাত্ করে বাড়িতে আগুন দেখে চিত্কার শুরু করে বাড়ির মালিক। তার চিত্কারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। মুহূর্তের মধ্য আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন তিনি। ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
