যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন যুদ্ধে এগিয়ে থাকা জো বাইডেন নির্বাচনী তহবিল সংগ্রহে রীতিমতো রেকর্ড সৃষ্টি করেছেন। এই করোনা ভাইরাসে ফলে সৃষ্টি হওয়া জবুথবু অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও গত এক মাসে তিনি প্রায় ৫ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪০০ কোটি টাকার বেশি) তহবিল জোগাড় করেছেন। বিভিন্ন প্রাইমারিতে নাটকীয় জয়ের পর তার তহবিল সংগ্রহের পরিমাণ অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে, বতর্মান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াইটা শেষ পর্যন্ত তারই হবে।
সুপার টুয়েসডেতে ১৪টি রাজ্যের মধ্যে ১০টিতেই জয় পান বাইডেন। এতে পিছিয়ে পড়েন বার্নি স্যান্ডার্স। ফেব্রুয়ারিতে বাইডেন সংগ্রহ করতে পেরেছিলেন মাত্র ১ কোটি ৮০ লাখ ডলার। এতে ধারণা করা হয়েছিল নির্বাচনযুদ্ধে বড়ো ধরনের ধাক্কা খাবেন তিনি অর্থের অভাবে। তার অফিস থেকে জানানো হয়েছে, মনোনয়নযুদ্ধে ভালো অবস্থানে আসার পর প্রতিদিনই বাড়ছে তার তহবিলের পরিমাণ। এই তহবিলের বেশির ভাগ এসেছে অনলাইন কন্ট্রিবিউশনের মাধ্যমে। অর্থ দিয়েছেন অজ্ঞাত ডেমোক্র্যাট সমর্থকরা। অকুণ্ঠ ভালোবাসা পেয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এই ডেমোক্র্যাট নেতা। তিনি বলেছেন, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে দেশবাসী ক্ষমতা থেকে হটিয়ে দেবে এই আস্থা আমাদের আছে। খবর সিএনএনের।
