মাদারীপুর জেলায় আওয়ামী লীগের শক্ত অবস্থান সংসদীয় তিন আসনেই। জেলার নতুন ও তরুণ ভোটাররা মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠেছে। বর্তমানে (১০ম নির্বাচনে) জেলার ৩টি আসনই আওয়ামী লীগের দখলে। নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুরের তিন আসনে এবার ভোটার সংখ্যা প্রায় ৮ লাখ ৯০ হাজার ২৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৮৯১ জন এবং নারী ভোটার ৪ লাখ ৩৩ হাজার ৩৮৯ জন। জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় ৩৭৬টি।
মাদারীপুর-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচবার নির্বাচিত নুর-ই-আলম লিটন চৌধুরী ও বিএনপির প্রার্থী সাজ্জাত হোসেন লাভলু সিদ্দিকী। এ ছাড়া জাতীয় পার্টির মোহাম্মদ জাহিরুল ইসলাম মিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ জাফর আহমাদ ও জাকের পার্টির মোঃ শাহনেওজ। এ আসনে ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৪৫ হাজার ৯০ এবং ভোট কেন্দ্রের সংখ্যা ১০১টি।
মাদারীপুর-২ (রাজৈর-মাদারীপুর) আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগ দলীয় প্রার্থী রয়েছেন শাজাহান খান। বিএনপির প্রার্থী মিল্টন বৈদ্য। এ ছাড়া মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য রাজৈর উপজেলার সাবেক চেয়ারম্যান আল-আমিন মোল্লা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ লোকমান হোসেন এবং জাকের পার্টির মোঃ আসাদুজ্জামান। এ আসনে ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৪৭ হাজার ২৩৩ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৪১টি।
মাদারীপুর-৩ (কালকিনি-মাদারীপুর) আসনে আওয়ামী লীগের প্রথমবার নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. আবদুস সোবাহান গোলাপ। বিএনপির আনিছুর রহমান খোকন তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ বেলায়েত হোসেন। এ আসনে ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৯৭ হাজার ৯৫৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় ১৩৪টি।
