সাতক্ষীরায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৭:১৭

সারাদেশে মৌসুমী ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। কিন্তু করোনায় বিপর্যস্ত জনজীবনে যানবাহন বন্ধ থাকায় ধান কেটে দেওয়ার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এ অবস্থান কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

এ অবস্থায় কৃষকের ধান কেঁটে দিতে ক্ষেতে নেমেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ও  ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলের সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহিন। 

কেন্দ্রীয় ছাত্রলীগের এই নেতার সঙ্গে মাঠে ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতা মো. সুমন হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল ছাত্রলীগের সদস্য আবু তাহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শুদীপ্ত শাহিন, ছাত্রলীগ নেতা আশিকুর রহমানসহ ২০জনের মত নেতাকর্মী।

জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের তিন হতদরিদ্র্য কৃষকের দুই বিঘা জমির ধান কাটা থেকে শুরু করে, ধান বাঁধা এমনকি মাড়াই করতে সাহায্য করেছেন তারা।  

বিষয়টি জানতে চাইলে ছাত্রলীগ নেতা নাহিদ হাসান শাহিন জানান, সারা দেশে করোনায় বিপর্যস্ত জনজীবন।বিশেষ করে এই সময়ে কৃষকেরা পড়েছেন বিপদে। হতদরিদ্র্য কৃষকদের সহযোগিতা করতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় কৃষকের সঙ্গে কাজ করছে। আমরাও তার অংশ হিসেবে কৃষকের সঙ্গে থেকে তাদের সহযোগিতা করছি। দেশের এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার নির্ভীক সৈনিক হিসেবে আমরা সাধারণ মানুষের কাছে থেকে কাজ করার চেষ্টা করছি।

এর আগে নেত্রকোনার দুর্গাপুরেও ইরি-বোরো ধান কাটায় সহযোগিতা করতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে থেকে কাজ শুরু করেন। একই সঙ্গে সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা ত্রাণ সহায়তায় কাজ করছে বলে জানা গেছে।

ইত্তেফাক/বিএএফ