বিশ্বকাপ আয়োজন অদলবদল চান গাভাস্কার

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২১:০৯

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর আবার ভারতে একটি বিশ্বকাপ। কিন্তু সে আয়োজনের সম্ভাবনা করোনা ভাইরাসের প্রকোপে ক্ষীণ হয়ে আসছে। এ অবস্থায় ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার বলছেন, ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া অদলবদল করলে বিশ্বকাপ দুটোই হতে পারে।   অস্ট্রেলিয়ায় যে এই সময়ে বিশ্বকাপ সম্ভব না, সেটা বলছিলেন গাভাস্কার, ‘আমরা সবাই জানি, অস্ট্রেলিয়ায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ। আর টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা অক্টোবরের মাঝামাঝি কিংবা তৃতীয় সপ্তাহে। তাই এই মুহূর্তে মনে হচ্ছে, তাদের এটা আয়োজন করা কিছুটা কঠিন।’

সাবেক এই ভারতীয় অধিনায়ক তাই প্রস্তাব দিয়েছেন, ভারতের সঙ্গে এই বিশ্বকাপ অদল বদল করুক অস্ট্রেলিয়া, ‘পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে। যদি কোভিড-১৯ রোগের প্রকোপ ভারতে কমতির দিকে থাকে এবং ভারত ও অস্ট্রেলিয়া একমত হতে পারে, তাহলে তারা টুর্নামেন্ট দুটি আয়োজনের ক্ষেত্রে অদলবদল করতে পারে। অক্টোবর-নভেম্বরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ভারতে এবং আগামী বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় পরেরটি।’

এমনকি এতে তিনি আইপিএলও আয়োজনের সম্ভাবনা দেখছেন। গাভাস্কার বলছিলেন, ‘যদি এভাবে করা সম্ভব হয়, তাহলে সম্ভবত আইপিএল আয়োজন করা যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে। যেখানে ক্রিকেটাররা বিশ্বকাপের প্রস্তুতির জন্য যথেষ্ট সুযোগ পাবে।’

কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে সেপ্টেম্বরের এশিয়া কাপের ভাগ্যও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। গাভাস্কার মনে করছেন, এশিয়া কাপ পিছিয়ে আরো ভালো সময়ে আয়োজন করা যেতে পারে, ‘এরপর ডিসেম্বরে আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করা যেতে পারে।’