দৌলতপুরে আনসার কমান্ডারকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:০৫

দৌলতপুরে খলিল মণ্ডল (৫০) আনসার কমান্ডারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত খলিল ফারাকপুর গ্রামের সুজান মণ্ডলের ছেলে এবং আনসার বাহিনীর ফারাকপুর গ্রাম কমান্ডার বলে ভারপ্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামিদা পারভীন  জানিয়েছেন। নিহতের স্বজনরা জানান, আসন্ন সংসদ নির্বাচনে আনসার হিসাবে তালিকাভুক্ত না করায় একই গ্রামের আজের আলীর ছেলে জাদু শনিবার সকালে খলিলের ওপর চড়াও হয়। প্রথমে কিল ঘুষি ও পরে গলার মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে জাদু পালিয়ে যায়। দ্রুত তাকে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।