পোলট্রি মুরগি নিয়ে বিপাকে রাণীনগরের খামারিরা

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২১:১৯

করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের মতো রাণীনগরেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সকল হাটবাজার, দোকান ও যান চলাচল। এ অবস্থায় উপজেলার শতাধিক খামারি তাদের খামারে উত্পাদিত পোলট্রি মুরগি নিয়ে বিপাকে পড়েছেন। অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না এসব পোলট্রি মুরগি। এতে পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে খামারিদের। তাই কৃষির মতো এই শিল্পকে বাঁচিয়ে রাখতে এই সংকটময় সময়ে সরকারের কাছে ভর্তুকি ও সহায়তা চেয়েছেন খামারিরা।

উপজেলার খট্টেশ্বর রাণীনগর গ্রামের খামারি বাপ্পী বলেন, বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে খামার করেছি। বর্তমানে করোনা ভাইরাসের কারণে মুরগি বিক্রি করতে পারছি না। এতে খরচ দ্বিগুণ হচ্ছে এবং বেশি দিন মুরগি খামারে থাকায় মরে যাচ্ছে। তাই এখন চরম বিপাকে পড়েছি। এভাবে আর কিছু দিন চলতে থাকলে পথে বসতে হবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হেলাল হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে লোকসানে পড়া খামারিদের ভর্তুকি ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। তবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করব।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই শিল্পের সঙ্গে জড়িত আমার নির্বাচনি এলাকার খামারিদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করব। এছাড়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং এই শিল্পকে টিকিয়ে রাখতে আগামীতে সংসদে খামারিদের সুযোগ-সুবিধা প্রদানসহ বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করব।