স্বাধীনতা পরবর্তী তালা-কলারোয়া উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসনে বিগত ১০টি সংসদ নির্বাচনে ৪বার আওয়ামী লীগ, একবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি, দুবার বিএনপি এবং জামায়াত, মুসলিম লীগ ও জাতীয় পার্টি একবার করে নির্বাচনে জয় পায়। এর মধ্যে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯৬-এর ১৫ ফেব্রুয়ারি এবং ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন অধিকাংশ বিরোধী দল বর্জন করে। এ ৪টি নির্বাচনে ওয়ার্কার্স পার্টি, বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ জয়লাভ করে।
১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তত্কালীন তালা-ডুমুরিয়া নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সালাউদ্দিন ইউছুফ নির্বাচিত হন। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগের খলিলুর রহমান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সৈয়দ কামাল বখত সাকি। এ ছাড়া বিএনপির প্রদীপ মজুমদার। বিএনপিসহ বেশকিছু দলের বর্জনের মুখে ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের সৈয়দ কামাল বখত সাকি নির্বাচিত হন।
১৯৮৮ সালের ৩ মার্চ আওয়ামী লীগ-বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনের মুখে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত এ আসনে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাসদ (রব) এর আব্দুস সালাম মোড়ল।
১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তালা-কলারোয়ায় নির্বাচিত হন জামায়াতের অ্যাডভোকেট আনসার আলী।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অধিকাংশ বিরোধী দলের বর্জনের মুখে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাবিবুল ইসলাম হাবিব নির্বাচিত হন। একই বছর ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সৈয়দ কামাল বখত নির্বাচিত হন।
২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাবিবুল ইসলাম হাবিব নির্বাচিত হন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান নির্বাচিত হন।
সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারি অধিকাংশ দলের বর্জনের মধ্যদিয়ে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে ওয়ার্কার্স পাটির অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ নির্বাচিত হন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মহাজোট প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ, ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি নেতা হাবিবুর ইসলাম হাবিব, জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত, ইসলামী আন্দোলনের এফএম আছাদুল হক, এসএম মুজিব (সিংহ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আজিজুর রহমান ও ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
