মানিকগঞ্জে গত রবিবার সন্ধ্যা থেকে জেলাকে লকডাউন ঘোষণা করে দেওয়া হয়েছে। এ অবস্থায় সাধারণ মানুষও তেমন বাইরে বের হচ্ছে না। রাস্তায় জরুরি অ্যাম্বুলেন্স ছাড়া চলছে না কোনোপ্রকার যানবাহন। মানিকগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় পেন্টা সিক্স নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এই সংকটময় মুহূর্তে মানবকল্যাণে স্বেচ্ছায় ওষুধ সরবরাহ করার জন্য এগিয়ে এসেছে। সম্পূর্ণ ফ্রি সার্ভিস চার্জে প্রতিষ্ঠানটি ক্রেতার চাহিদা অনুযায়ী সব ওষুধ সরবরাহ শুরু করেছে। বুধবার জেলা প্রশাসনের ফেসবুক পেজেও এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তার নিজস্ব জনবল দিয়ে জরুরি ওষুধ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে।
প্রতিষ্ঠানটি এ জরুরি সেবা পৌঁছে দিতে ১০টি হটলাইন নাম্বার চালু করেছে। এ সব নাম্বারে ফোন করে তাদের ফেসবুক পেজে প্রেসক্রিপশনের ছবি পাঠালেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাচ্ছে ওষুধ। আগে টাকা পরিশোধ না করেও বিনা চার্জে ওষুধ পাচ্ছেন ক্রেতারা। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ওষুধ সরবরাহের সময় দোকানের ক্যাশ মেমোতে ওষুধের নাম, দর, পরিমাণ, মোট টাকার পরিমাণ লেখা থাকবে বলে জানানো হয়।
বেউথা এলাকার মো. আকিবুর রহমান বলেন, পেন্টা সিক্সে আমার ওষুধের প্রেসক্রিপশন পাঠাই। তারা বিনা পারিশ্রমিকে আমাকে ওষুধ সরবরাহ করছে। এটি খুবই চমত্কার একটি উদ্যোগ। সীমানুল বারী সীমান্ত বলেন, প্রেসক্রিপশনের ছবি পাঠানোর ১০ মিনিটের মধ্যে ওষুধ পেয়েছি। এ সংকটময় পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ মানুষের কাজে আসবে।
পেন্টা সিক্স কমিউনিকেশনের সিইও (চিফ এক্সিকিউটিভ অফিসার) সাজ্জাদ আরেফিন মাসুম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের প্রতিষ্ঠান এ উদ্যোগ নিয়েছে। চেষ্টা করব এ সংকটময় সময়ে মানুষের পাশে থেকে কাজ করতে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা সেবায় নিয়োজিত থাকব। অতি গুরুতর সমস্যায় আমরা রাতেও সেবা নিশ্চিত করব। এ সময় তিনি সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান।
