পবিত্র রমজানে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে বিএসটিআইয়ের কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পাশাপাশি তিনি যে কোনো পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান পরীক্ষাসহ প্রতিষ্ঠানটির অন্যান্য জরুরি সেবা চালু রাখার নির্দেশ দেন।
গতকাল বৃহস্পতিবার রমজান উপলক্ষ্যে ভোক্তা সাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিতকরণ শীর্ষক এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। শিল্পসচিব মো. আব্দুুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শিল্পমন্ত্রী রমজান উপলক্ষ্যে ইফতার ও সেহরিতে অধিকহারে ব্যবহূত যেসব পণ্যের নমুনা এরই মধ্যে বাজার থেকে সংগ্রহ করে বিএসটিআইয়ের ল্যাবরেটরিতে টেস্টিং চলছে, সেগুলোর ফলাফল দ্রুত প্রকাশ করে ভোক্তা সাধারণকে জানিয়ে দেওয়ার নির্দেশ দেন। এ সময় তিনি সুপার শপে সরকারের চিনিকলগুলোতে উত্পাদিত চিনি, কেরু অ্যান্ড কোম্পানির ভিনেগার, হ্যান্ড স্যানিটাইজার ও ‘সোনার দানা’ জৈবসার বিপণনের জন্য বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনকে নির্দেশ দেন।
