ঢাকা ছেড়ে গেলেন আরো ১৭৭ ব্রিটিশ নাগরিক। গতকাল বৃহস্পতিবার একটি বিশেষ ফ্লাইটে তারা লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এর আগে গত ২১ এপ্রিল প্রথম দফায় ২৬৯ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ত্যাগ করেন। আগামীকাল শনিবার ও পরদিন রবিবার আরো দুইটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যাবে। ব্রিটিশ এয়ারওয়েজের এসব ফ্লাইট শুধু ব্রিটিশ নাগরিকদের বহন করবে। ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরতে সহায়তা করায় বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে ব্রিটিশ হাইকমিশন।
৪ হাজার ৪২২ বিদেশি নাগরিক ঢাকা ছেড়েছেন
করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় এখন পর্যন্ত ৪ হাজার ৪২২ বিদেশি নাগরিক ঢাকা ছেড়েছেন। আর বিশেষ ব্যবস্থায় বিদেশ থেকে দেশে ফিরেছেন ১ হাজার ৭৯৯ জন বাংলাদেশি নাগরিক। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশি নাগরিক যারা নিজ দেশে ফিরতে চায়—মন্ত্রণালয় তাদের সহায়তা অব্যাহত রেখেছে। একইভাবে বিদেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিজ দেশে ফেরাতেও কাজ করছে।
