‘করোনাসহ সকল দুর্যোগে শিবচরবাসীর পাশে রয়েছেন প্রধানমন্ত্রী’

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০১:০১

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, করোনা ভাইরাসসহ সকল দুর্যোগেই শিবচরবাসীর পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় ছাড়াও বিরোধী দলের নেত্রী থাকাকালীনও শেখ হাসিনা দুহাত বাড়িয়ে দিয়েছেন পদ্মা আড়িয়ালখা পাড়ের এই উপজেলাটির জন্য। করোনা ভাইরাসের কারণে দেশের প্রথম শিবচর আক্রান্ত হওয়ার সাথে সাথে তিনি পর্যাপ্ত পরিমাণ খাবার সামগ্রী, পিপিইসহ সকল কিছু দিয়ে পাশে দাঁড়িয়েছেন। সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন। এছাড়াও সকল বন্যা নদী ভাঙ্গন দুর্যোগে শিবচরবাসীর পাশে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৮ সালের বন্যায় শিবচর বাজারে তিনি বন্যার পানিতে পায়ে হেটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, ট্রলারে করে দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শন এবং  ত্রাণ বিতরণ করেছেন। শিবচরের সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এছাড়াও প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করে প্রথমেই মাদারীপুরের সাথে সংযুক্ত হয়ে শিবচরকে নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। দিক নির্দেশনাগুলো মেনে শিবচরে করোনার সংক্রমণ বিস্তার না ঘটে দ্রুত হ্রাস পায়।

উল্লেখ্য, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন শিবচর উপজেলায় ১৯টি ইউনিয়ন ও ১ পৌরসভায় বুধবার থেকে শুরু করে বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ঈমাম, মুয়াজ্জিন, চতুর্থ শ্রেণির দুঃস্থ কর্মচারী, জেলে সম্প্রদায়সহ হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী ও নিম্ন আয়ের প্রায় ২০ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে।

ত্রাণ সামগ্রী মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, পেয়াজ, ওষুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাবার। রোজার আগেই এসকল খাবার সহায়তা বিতরণ সম্পন্ন করার জোরালো চেষ্টা চলছে। ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে চিফ হুইপের তদারকির কৌশল হিসেবে প্রতি স্পটে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে স্থানীয় ও উপজেলা আওয়ামী লীগের নেতারা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকছেন। 

এর আগে কনটেইনমেন্ট ঘোষণার পর চিফ হুইপের পক্ষ থেকে ৩০ হাজারের বেশি মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌছিয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং জেলা আওয়ামী লীগ। 

এছাড়াও আরো প্রায় সাড়ে ৮ হাজার মানুষের কাছে বিভিন্ন বেসরকারি ও অরাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে শিশুখাদ্যসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ