সাভারে পূর্ব শত্রুতার জেরে হামলা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গৃহবধূ

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৪:২৯

করোনা আতঙ্কের মধ্যেও সাভারে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই ঘটনায় ভুক্তভোগী সাভারের হেমায়েতপুর এলাকার যাদুরচরের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. সোহরাব হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। হামলায় ওই ব্যবসায়ীসহ তার স্ত্রী, ভাতিজা, ভাবী, ছেলে আহত হয়েছেন। আহতদের মধ্যে ব্যবসায়ীর স্ত্রী হেলেনা বেগম স্থানীয় একটি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

মামলা সূত্রে জানা যায়, হেমায়েতপুরের যাদুরচর এলাকার মো. সোহরাব হোসেনের সাথে স্থানীয় মো. মনির হোসেনের দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্বের জের ধরে আদালতে মামলা দায়ের হলে সম্প্রতি আদালত সোহরাব হোসেনের পক্ষে রায় দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার মো. মনির হোসেন, মো. মুসা, মো. মামুন, লিটন, শফিক, মো. তুহিন ও পলকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সোহরাব হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা মামলার বাদী সোহরাব হোসেন, তার স্ত্রী হেলেনা বেগম, পুত্র সজিব, ভাবী মনুজা বেগম, ভাতিজা সোহাগ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে হেলেনা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা রয়েছে।

মামলার বাদী সোহরাব হোসেন বলেন, আসামীরা আমাদের হত্যার উদ্দেশ্যেই হামলা করেছিল। তাদের ভয়ে এলাকায় কেউ কথা বলতে পারে না। তাদের অত্যাচারে আমরা পুরো পরিবার জিম্মি হয়ে পড়েছি।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, এ হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/আরএ