বঙ্গবন্ধু সেতুর ওপর বিকল ট্রাক সরাতে গিয়ে উদ্ধারকর্মী নিহত

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৬:০৮

বঙ্গবন্ধু সেতুর ওপর একটি বিকল ট্রাক সরাতে গিয়ে অপর ট্রাকের ধাক্কায় সেতুর উদ্ধারকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সেতুর ৩০ নং পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের (৩৫) ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি বঙ্গবন্ধু সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন এন্ড কন্ট্রাকশন কোম্পানির (সিসিসিসি) পেট্রোল ও  রেকার গাড়ির উদ্ধারকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: কানাডায় আজ থেকে রমজান শুরু, ট্রুডোর শুভেচ্ছা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের সহকারি প্রকৌশলী এহসানুল কবির পাভেল বলেন, রাত দেড়টার দিকে সেতুর ওপর বিকল হওয়া ট্রাকটি সরাতে গিয়ে অপর একটি মিনি ট্রাকের ধাক্কায় তিনি গুরত্বর আহত হন। পরে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাটি রাতে হওয়ায় ট্রাকটি আটক করা যায়নি। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

ইত্তেফাক/এসি