দুস্থ খেলোয়াড়দের জন্য মারের প্রস্তাব

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২১:০০

স্পোর্টস ডেস্ক

সাবেক বিশ্বসেরা টেনিস তারকা অ্যান্ডি মারে মনে করেন, গ্র্যান্ড স্ল্যামের প্রাইজমানি আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাওয়া নিচু র্যাঙ্কিংয়ের খেলোয়াড়দের মাঝে বিলিয়ে দেওয়া উচিত।

করোনার কারণে টেনিস মৌসুম স্থগিত হয়ে গেছে গেল মার্চ মাসে। খেলা বন্ধ থাকায় বড়ো টেনিস তারকাদের তেমন কোনো সমস্যা না থাকলেও বিপদে পড়েছেন নিচু র্যাঙ্কিংয়ের খেলোয়াড়রা। টুর্নামেন্টের প্রাইজমানির ওপর দারুণভাবে নির্ভরতাই কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য।

তাদের দুর্দশা কাটাতে সাবেক বিশ্বসেরা টেনিস তারকা অ্যান্ডি মারে প্রস্তাব দিয়েছেন গ্র্যান্ড স্ল্যামের প্রাইজমানির প্রস্তাব দিয়েছেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘যারা ২৫০-৩০০ র্যাংকিংয়ে আছে, তাদের জন্য ব্যাপারটা বেশ চ্যালেঞ্জের হয়ে পড়বে। শেষ কয় বছরে উন্নতি হলেও সেটা যথেষ্ট নয়। গ্র্যান্ড স্ল্যামজয়ীর প্রাইজমানি সম্ভবত ৪ মিলিয়ন ডলার। এ অর্থটা কি শুরুর দিকের রাউন্ডগুলোয় কিংবা কোয়ালিফাইং ড্রতে অথবা অন্য কোনো ছোটো টুর্নামেন্টের জন্য ব্যবহার করা যায়?’

এটিপি ও ডব্লিউটিএ অবশ্য জানিয়েছে, বর্তমান স্থগিতাদেশের কারণে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের জন্য চার গ্র্যান্ড স্ল্যাম আয়োজকদের সঙ্গে মিলে তারা একটি রিলিফ ফান্ড তৈরির আলোচনা চলছে।