সিলেট-৩ আসন

নতুন সংসদীয় আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন বালাগঞ্জবাসী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:১৮

বালাগঞ্জের অধিবাসীরা এবার নতুন সংসদীয় আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বালাগঞ্জের ভোটাররা সিলেট-২ ও ৩ আসনে বিভক্ত থেকে ভোট প্রদান করেন। এছাড়া বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে বালাগঞ্জবাসী সিলেট-২ আসনের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বালাগঞ্জবাসী সিলেট-৩ আসনের এমপি বাছাইয়ে ভূমিকা রাখবেন। অতীতে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে ছিল সিলেট-৩ আসন। চলতি বছর সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের মাধ্যমে বালাগঞ্জকে সিলেট-৩ আসনে যুক্ত করার ফলে এই আসনটির আয়তন বৃদ্ধি পায়। বিশাল আয়তনের এই আসনে নির্বাচনী প্রচার-প্রচারণায় প্রার্থীরা অনেকটাই হাঁপিয়ে উঠেছেন বলে তাদের কর্মী-সমর্থকেরা জানিয়েছেন। তবে ক্ষমতাসীন দলের প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা বলছেন, সংসদীয় আসন পরিবর্তন হলেও ভোটের মাঠে এর কোনো প্রভাব পড়বে না।

আগামীকাল বালাগঞ্জের ছয়টি ইউনিয়নের ৩৪টি ভোট কেন্দ্রে ৮০ হাজার ৬শ ৯ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন। এছাড়া সিলেট-৩ আসনে মোট ৩ লাখ ২২ হাজার ২৯৩ জন ভোটার রয়েছেন। এই আসনের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোট ভোটার ৭০ হাজার ৬শ ৯২ জন। দক্ষিণ সুরমা উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭০ হাজার ২শ ৯১ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিভিন্ন দলের ছয় জন প্রার্থীর মধ্যে মহাজোট থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন টানা দুইবারের বর্তমান এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। বিএনপি-ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী। এছাড়া, এই আসনে খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন দেয়াল ঘড়ি প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিসের হাফিজ মাওলানা আতিকুর রহমান রিকশা প্রতীক ও ইসলামী আন্দোলনের আব্দুল মতিন বাদশা হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।