কিমের অসুস্থতার খবর সঠিক নয় বলে মনে করেন ট্রাম্প

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২১:২৫

রয়টার্স

হূদযন্ত্রে অস্ত্রোপচারের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ‘গুরুতর অসুস্থতার’ খবর প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে এক দৈনিক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমি মনে করি এই প্রতিবেদন সঠিক নয়। শুনেছি পুরোনো ডকুমেন্টের ভিত্তিতে এই প্রতিবেদন করা হয়েছে।’

কিমের ব্যাপারে খোঁজখবর নিতে ট্রাম্প মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বলে জানিয়েছিলেন। তবে পরে এমন কিছু করেছেন বলে কোনো আভাস দেননি তিনি। গত কয়েক বছর ধরেই কিমের সঙ্গে ট্রাম্পের নিয়মিত যোগাযোগ আছে। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কোনো চুক্তিতে পৌঁছতে না পারলেও ২০১৮-১৯ সালে কয়েকবারই দুই নেতা বৈঠক করেছেন। ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। কিম জং উনের সঙ্গেও আমার সম্পর্ক ভালো। আশা করি তিনি ভালো আছেন।’ কিম জং উন তার দাদা কিম ইল সুংয়ের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত না থাকার পর থেকেই তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। এরপরই যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ‘কিমের অবস্থা আশঙ্কাজনক হতে পারে’ বলে গুঞ্জন ওঠে। দক্ষিণ কোরিয়াভিত্তিক ওয়েবসাইট এনকের খবরেও উত্তর কোরিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, ১২ এপ্রিলে কিম জং-উনের হূদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এরপর সিএনএনও খবর প্রকাশ করে যে, অস্ত্রোপচারের পর কিমের ‘গুরুতর অসুস্থতার’ বিষয়টি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। তবে দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা এমন খবর প্রত্যাখ্যান করেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ৩৬ বছর বয়সি কিম ‘গুরুতর অসুস্থ’, উত্তর কোরিয়ার দিক থেকে এমন সুনির্দিষ্ট কোনো ইঙ্গিতই পাওয়া যায়নি। তাছাড়া, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোও কিমের বিষয়টি নিয়ে নিশ্চুপ থেকেছে।