নেত্রকোনায় ধান বোঝাই লরি উলটে গতকাল নেত্রকোনার মদনে ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালের বাকেরগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় এক জন এবং রাজশাহীর তানোরে চার্জারভ্যান দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সংবাদদাতাদের পাঠানো খবর।
মদন (নেত্রকোনা): নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের তলার হাওরে গতকাল শুক্রবার সকালে ধান বোঝাই লরি উলটে দুই শিশু নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতরা হলো—দেওসহিলা গ্রামের লায়ন চৌধুরী ছেলে সৌরভ (৭) ও তাড়াইল উপজেলার আল আমিন মিয়ার ছেলে রোমান (৭)। আহতদের মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের তলার হাওর থেকে দেওসহিলা গ্রামের কৃষক কাশেম মিয়ার ধান বাড়িতে আনার সময় পথে সৌরভ, রোমান, লায়ন মিয়া, রিয়াদ বাড়ি আসার জন্য লরিতে উঠে। সকালে বৃষ্টি হওয়ায় রাস্তা পিচ্ছিল থাকায় ধান বোঝাই লরিটি জলভংগা নামকস্থানে উলটে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা. অলিজা আক্তার সৌরভ ও রোমানকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মদন থানার ওসি মো. রমিজুল হক বলেন, লরি চালক রিপন মিয়া পলাতক রয়েছে। লরিটি আটক করে জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে। লাশ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। নিহতদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাকেরগঞ্জ (বরিশাল): গতকাল বিকেলে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রঙ্গশ্রী এলাকার হাজী বেলুখাঁ মসজিদ সংলগ্ন স্থানে রাজীব (২৫) নামের এক মোটরসাইকেল চালক দুর্ঘটনায় মারা গেছে। বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বরিশাল সাগরদীর ২৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাসেম হাওলাদারের পুত্র রাজীব বরিশাল থেকে পটুয়াখালী যাওয়ার পথে একটি গরুর সঙ্গে ধাক্কা খেলে রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে জানান। থানায় কোনো মামলা হয়নি?
তানোর (রাজশাহী): তানোরে নিয়ন্ত্রণ হারিয়ে নিজ বাড়ির গাছের সঙ্গে চার্জার অটোভ্যানের ধাক্কা লেগে সুরভী বিবি (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরভী উপজেলার কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামের শফিক আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উঠানে চার্জার অটোভ্যান রেখে বিশ্রাম করছিলেন নিহতের স্বামী শফিক। হঠাত্ আকাশ মেঘলা হওয়ায় বাড়ির উঠান থেকে স্বামীর অজান্তেই চার্জার অটোভ্যানটি চালু করে তা অন্যত্র সরাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানায়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
