ভোট দিচ্ছেন না এরশাদ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:৩২

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ রংপুর-৩ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের একক প্রার্থী হলেও তিনি প্রচারণায় যাননি। আজ রবিবার ভোটের দিন ভোটও দিচ্ছেন না। তিনি রংপুরে ভোটার হলেও অসুস্থতার কারণে এলাকায় যাননি। তিনি ঢাকায় অবস্থান করছেন।

এবারের নির্বাচনে এরশাদ রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হন। সিঙ্গাপুরে চিকিত্সা শেষে বুধবার দেশে ফিরে পরদিনই ফারুককে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন এরশাদ। রংপুর-৩ আসনে প্রার্থী থাকলেও এরশাদ ঢাকায় অবস্থান করছেন। তিনি একদিনের জন্যও ভোটের প্রচারণায় নামেননি।

প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অসুস্থ হয়ে পড়েন জাপা চেয়ারম্যান। চিকিত্সার জন্য গত ১০ ডিসেম্বর সিঙ্গাপুর যাওয়ার আগ পর্যন্ত তিনি দলীয় নেতা-কর্মী ও গণমাধ্যমের কাছ থেকে নিজেকে প্রায় বিচ্ছিন্ন রাখেন। বেশিরভাগ সময়েই ভর্তি ছিলেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। মাঝে-মধ্যে বারিধারায় নিজ বাসায়, আবার কখনও গুলশানে অন্য একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন। দলীয় মনোনয়ন ও মহাজোটের সঙ্গে আসন সমঝোতা নিয়ে নানা নাটকীয়তা ও গুঞ্জনের মধ্যে সিঙ্গাপুর যান তিনি।