ত্রাণের পণ্য পরিবহনে হয়রানির অভিযোগ

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০০:০৯

ত্রাণের মালামাল বহনকারী ট্রাক চালকদেরও দেশের কোনো কোনো এলাকায় পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। এছাড়া করোনা ভাইরাসের প্রভাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট তৈরি হওয়ায় আমদানিকৃত মালামাল আনতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয় পরিবহন চালকদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে কাঙ্ক্ষিত মালামাল খুঁজে পেতে।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতি এক প্রকার ভেঙে পড়েছে। সরকার জনগণকে বাঁচানোর জন্য লকডাউন ঘোষণা করেছে। লকডাউন বাস্তবায়নের জন্য মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে দেশের মানুষের পণ্য চাহিদা মেটাতে ত্রাণসহ জরুরি মালামাল পরিবহনের কাজ করে যাচ্ছে পরিবহন চালকরা। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে কিছু কিছু এলাকায় পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে অনেক পরিবহন চালকদের। উদাহরণ হিসেবে তিনি বলেন, একটা খোলা ট্রাক সরকারি ত্রাণ নিয়ে ময়মনসিংহ বা সিলেট যাওয়ার পর সেখানে মালামাল আনলোড করার পর ফেরার পথে রড, পাথর বা ইট কোনো কিছু নিয়ে আসতে গেলেই পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে।

অপর দিকে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার জানিয়েছেন, করোনার কারণে চট্টগ্রাম বন্দরে হাজার হাজার কনটেইনারের জট লেগে আছে। এই জটের কারণে কনটেইনার খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে বন্দর থেকে ট্রাকে করে মালামাল আনতে যাওয়া চালকদের। এ সমস্যা থেকে বের হতে পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।