করোনা ভাইরাস থেকে সুরক্ষায় ব্যবহূত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও মাস্ক ধুয়ে বিক্রি করার অভিযোগে রাজধানীর ভাটারায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ভাটারা থানার পাশে একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। র্যাবের ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একটি চক্র করোনা ভাইরাস থেকে সুরক্ষায় ব্যবহূত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও মাস্ক ধুয়ে পুনরায় বিক্রি করছে। এরপর সব তথ্যউপাত্ত নিয়ে র্যাবের অভিযান টিম ও ভ্রাম্যমাণ আদালত চক্রটির বিরুদ্ধে অভিযান শুরু করে। অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ ব্যবহার করে ফেলে দেওয়া পিপিই ও মাস্ক জব্দ করে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। সে কারণে তিনি বলেন, অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
