সাতক্ষীরা-১ আসনের জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত মহাজোট প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:৩৪

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সৈয়দ দিদার বখত মহাজোট মনোনীত প্রার্থী অ্যাড. মুস্তফা লুত্ফুল্লাহকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

আজ শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

সৈয়দ দিদার বখত সংবাদ সম্মেলনে এ সময় বলেন, “মহাজোটের মধ্যে দুই জন প্রার্থী থাকলে জামায়াত-বিএনপি মনোনীত প্রার্থী সুবিধাজনক অবস্থানে যাওয়ার সম্ভাবনাই বেশি।

এসব চিন্তা করে আমি আমার দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাজোট নেত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা ও উপজেলা নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে মহাজোট মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুত্ফুল্লাহকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

সংবাদ সম্মেলনে এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের মহাজোট মনোনীত প্রার্থী (ওয়ার্কার্স পার্টির) অ্যাড. মুস্তফা লুত্ফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।