থেমে নেই বালু উত্তোলন

হুমকিতে ফুলবাড়ীর শেখ হাসিনা ধরলা সেতু!

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:০৬

ফুলবাড়ীতে শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পাশে মেইন পিলারের কাছ থেকে বালু ও মাটি উত্তোলন করায় সেতুটি হুমকির মুখে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু অসাধু বালু ব্যবসায়ী এক থেকে দেড় মাস ধরে টাকার বিনিময়ে ধরলা সেতুর পিলারের কাছ থেকে ওই বালু ও মাটি উত্তোলন করে ট্রলি ভরাট করে অন্যত্র নিয়ে যাচ্ছে—এমন অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা গেছে, ৮ থেকে ১০টি ট্রলিতে বালু ভরাট করে মেইন পিলারের নিচ থেকে নিয়ে যাচ্ছে চালকরা। ট্রলি চালকরা সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে তাড়াহুড়ো করে পালিয়ে যায়। উপজেলার স্বপ্নের সেতুটি প্রায় ১৯২ কোটি টাকা ব্যয়ে ১৯টি স্প্যান বিশিষ্ট ৯৫০ মিটার পিসি গার্ডারের কাজ সম্পন্ন করে এলজিইডি। চলতি বছরের ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন।

সেতু পাড়ের বাসিন্দা জুয়েল রানা, নুর ইসলাম, সুজন মিয়া, মোকছেদুল হক, আব্দুল মজিদ ও জব্বার আলী জানান, অনেক সাধনার ফসল এই শেখ হাসিনা ধরলা সেতু। কিন্তু গুটি কয়েক অসাধু ব্যবসায়ীর কারণে সেতুটি বর্তমানে হুমকিতে পড়েছে। তবুও তারা বালু উত্তোলন করছে।

উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব বলেন, ‘আমি বালু উত্তোলনের ব্যাপারে কিছুই জানি না। তবে এ রকম হয়ে থাকলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাছুমা আরেফিন বলেন, ‘কিছুদিন আগে বালু উত্তোলন বন্ধে উদ্যোগ নিয়েছি। যদি আবার বালু উত্তোলন শুরু হয় তাহলে ব্যবস্থা  নেওয়া হবে।’