যশোরসহ তিন জেলায় আরও ১২ জনের করোনা শনাক্ত

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১১:৫২

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনা ভাইরাস পরীক্ষায় আরও ১২ রোগীকে শনাক্ত করা হয়েছে।

তিন জেলা থেকে এই ১২ জন রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি যশোর জেলায় ৯ জন। এছাড়া ঝিনাইদহ জেলায়ও প্রথম রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার পরীক্ষা শেষে শনিবার সকালে এই তথ্য প্রকাশ করা হয়। ৫ জেলার ৯৫ জনের নমুনা পরীক্ষা শেষে এই রোগী শনাক্ত হলো। এ নিয়ে যবিপ্রবিতে ৩৭ জন করোনা রোগী শনাক্ত হলো।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শুক্রবার ৭ম দিনের নমুন পরীক্ষায় ১২ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যশোর জেলায় ৯ জন রোগী। ৪১ জনের নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত হয়। এছাড়া ঝিনাইদহ জেলার ২০ জনের নমুনা পরীক্ষা করে ২ জন করোনারোগী পাওয়া গেছে। এই প্রথম ঝিনাইদহ জেলায় রোগী শনাক্ত হলো। আর নড়াইলের ২২ জনের নমুনা পরীক্ষা করে একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া মাগুরার ১১ জন ও চুয়াডাঙ্গার একজনের নমুনা পরীক্ষা করা হলেও তাদের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বুধবার ৬ষ্ঠ দিনের নমুনা পরীক্ষায় ১২ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা জেলায় ৬ জন রোগী। এছাড়া যশোরে ২ জন, কুষ্টিয়ায় ২ জন, মেহেরপুরে একজন ও মাগুরায় একজন রোগী শনাক্ত হয়েছিল। বুধবার ৭ জেলা থেকে ৮৪টি নমুনা পাঠানো হয়েছিল। এদের মধ্যে থেকে পরীক্ষার পর ওই রোগী শনাক্ত হয়েছে।
 
আর মঙ্গলবার ৫ম দিনে যবিপ্রবি ল্যাবে নমুন পরীক্ষায় ১৩ জন কোডিভ-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল নড়াইলে ৫ জন। এদের মধ্যে ৪ জন চিকিৎসক ছিলেন। এছাড়া যশোরে ৪জন, কুষ্টিয়ায় ২ জন, মাগুরা ও মেহেরপুরে একজন করে করোনা রোগী শনাক্ত হয়। তিনদিনে এখানে মোট ৩৭ জন রোগী শনাক্ত হলো।

ফলে এ পর্যন্ত যশোরে ১৫ জন, চুয়াডাঙ্গা ও নড়াইলে ৬ জন করে, কুষ্টিয়ায় ৪ জন, ঝিনাইদহ, মেহেরপুর ও মাগুরায় দুজন করে রোগী শনাক্ত হলো। যবিপ্রবিতে ৭টি জেলার নমুনা পরীক্ষা হচ্ছে।

ইত্তেফাক/এমআরএম